আতিকুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে প্রদর্শনী জটিলতা পুরোপুরি কাটার আগেই নতুন সমস্যায় পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সার্ভারজনিত ত্রুটির কারণে দেশের বিভিন্ন হলে সিনেমাটির প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরপরই ইন্টারনেটে এর কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছড়িয়ে পড়তে শুরু করেছে।
যান্ত্রিক সমস্যার কারণে অনেক দর্শক টিকিট কেনার পরও সিনেমাটি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু কিছু হলে এই অসন্তোষ ভাঙচুরের ঘটনাতেও গড়িয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ‘হল প্রিন্ট’ ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহে বসে মোবাইল ফোনে ধারণ করা এসব ভিডিও পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।
পরিচালক আবু হায়াত মাহমুদের নির্মাণে সিনেমাটি মুক্তির আগ থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। নব্বই দশকের ঢাকার আলোচিত চরিত্র কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মেজবাহ উদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে এটি কেবল অ্যাকশনধর্মী নয়, বরং তৎকালীন ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেছে।
প্রযোজক শিরিন সুলতানার বড় বাজেটের এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজ।
আপনার মতামত লিখুন :