আনন্দ বিনোদন ডেস্ক: পাঁচ বছর বিরতির পর নতুন প্রজেক্ট নিয়ে পর্দায় ফিরছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এবার সিনেমা নয়, সিরিজ নির্মাণে হাত দিয়েছেন তিনি। ‘অ্যানি’ শিরোনামের এই সিরিজটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে।
প্রযোজক এহসানুল হক বাবু জানান, সাদের ভাবনা ও নির্মাণে তৈরি এই সিরিজটি বিশ্বের অন্যতম বড় সিরিজভিত্তিক আয়োজন Seriencamp Festival-এর ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী ৯ জুন জার্মানির কোলনে বিশ্বব্যাপী নির্বাচিত প্রায় ২০টি সিরিজের সঙ্গে এটি প্রদর্শিত হবে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। তার সঙ্গে আরও আছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ অনেকে। ডিস্টোপিয়ান ঘরানার গল্পে দেখা যাবে, এক অদ্ভুত রোগে আক্রান্ত পৃথিবীতে একজন নারীর বেঁচে থাকা, সংগ্রাম ও প্রতিশোধের যাত্রা।
‘অ্যানি’ মূলত একটি চেম্বার ড্রামা, যেখানে নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অবিশ্বাস, সহিংসতা ও অসমতা তুলে ধরা হয়েছে। নির্মাতা সাদের আগের কাজগুলোর মতোই এ সিরিজেও সমাজের গভীর বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে চলচ্চিত্র নির্মাণে অভিষেক হয় সাদের। এরপর ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পান এবং Cannes Film Festival-এর গুরুত্বপূর্ণ বিভাগে জায়গা করে নেন। এবার ‘অ্যানি’ সিরিজের মাধ্যমে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা।
আপনার মতামত লিখুন :