আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের সংগ্রাম ও তারকাখ্যাতির পেছনের বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনয়, উপস্থাপনা ও সংগীতে সফল এই তারকা জানান, তার পথচলা মোটেও সহজ ছিল না; বরং প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়েছে।
তিনি বলেন, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অনেক চেষ্টা করেও কখনো প্রথম সারিতে থাকতে পারেননি। এতে হতাশ হয়ে মায়ের কাছে অভিযোগ করলেও মা তাকে শিখিয়েছিলেন— নিয়মিত চর্চা আর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ফারিয়া জানান, ইতোমধ্যে তিনি ২৩টি সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি গান গেয়েছেন এবং দেশ-বিদেশে শত শত শো করেছেন। তবুও প্রতিবার মঞ্চে ওঠার আগে কিংবা ক্যামেরার সামনে দাঁড়ালে ভেতরে একই রকম নার্ভাসনেস কাজ করে। তার ভাষায়, প্রতিটি কাজই তার কাছে নতুন চ্যালেঞ্জের মতো মনে হয়।
তারকাদের জীবনের চাকচিক্যের আড়ালে প্রতিনিয়ত চাপ কাজ করে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিদিন নিজেকে সেরা হিসেবে তুলে ধরার চাপ থাকে— পারফরম্যান্স, উপস্থিতি এবং কথাবার্তায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, সামান্য শারীরিক পরিবর্তন কিংবা কোনো ভুল বক্তব্য নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ খোলা থাকে না।
আপনার মতামত লিখুন :