আনন্দ বিনোদন ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত শেয়ারহোল্ডার প্রতিবেদনে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা প্রায় ৮২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ কোটি ডলার, যেখানে আগের বছর একই সময়ে আয় ছিল ১ হাজার ৫৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরে প্রায় ১৬ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। নতুন গ্রাহক যুক্ত হওয়া, সাবস্ক্রিপশন ফি বৃদ্ধি এবং বিজ্ঞাপনভিত্তিক সেবা সম্প্রসারণ এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে মুনাফা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে একটি বড় চুক্তি বাতিল হওয়ার ঘটনা। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে চুক্তি কার্যকর না হওয়ায় নেটফ্লিক্স প্রায় ২৮০ কোটি ডলারের বিচ্ছেদ ফি পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮ কোটি ডলার, যা গত বছর ছিল ২৮৯ কোটি ডলার।
এ সময় শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২৩ ডলার, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি পরিচালন আয়ও ১৮ শতাংশ বেড়ে ৩৯৬ কোটি ডলারে পৌঁছেছে।
নেটফ্লিক্স জানিয়েছে, আগামী প্রান্তিকে তারা ১ হাজার ২৫৭ কোটি ডলার রাজস্ব অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি ২০২৬ সালের শেষ নাগাদ মোট রাজস্ব আয় ৫০৭ থেকে ৫১৭ কোটি ডলারের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন কনটেন্ট তৈরি, গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞাপনভিত্তিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে পারবে।
আপনার মতামত লিখুন :