বিনোদন ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে জমকালো বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভো-তে বিকেল ৫টা থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।
আয়োজনটির প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী ও নগর বাউল ব্যান্ডের তারকা জেমস। তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো সরাসরি শুনতে মুখিয়ে আছেন পর্তুগালপ্রবাসী হাজারো বাংলাদেশি। প্রিয় শিল্পীর কণ্ঠে দেশীয় গানের আবেশে প্রবাসের মাটিতে এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
কনসার্টে বিশেষ পারফর্মার হিসেবে উপস্থিত থাকবেন দেশের আলোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবারই প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের সামনে পারফর্ম করার সুযোগ তাঁর জন্য বিশেষ আনন্দের।
আয়োজকদের ভাষ্য, জেমস তাঁর দীর্ঘ সংগীতজীবনের শ্রোতাপ্রিয় ও কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দেবেন। তাঁর রক সংগীত, গিটারের সুর এবং মঞ্চ পরিবেশনা লিসবনের কনসার্টকে বিশেষ উচ্চতায় নিয়ে যাবে বলেও প্রত্যাশা তাদের।
এই আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছে প্রবাসী সংগঠন কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, পর্তুগালের মাটিতে এ পর্যন্ত অনুষ্ঠিত বাংলা সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ আয়োজন।
ইতোমধ্যে কনসার্ট ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সংগীতপ্রেমীদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের আশা, ‘বাংলা লাইভ’ শুধু একটি কনসার্ট নয়, বরং প্রবাসী বাঙালিদের মিলনমেলা ও দেশীয় সংস্কৃতির এক প্রাণবন্ত উৎসবে পরিণত হবে।
আপনার মতামত লিখুন :