আনন্দ বিনোদন ডেস্ক: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেলেও শর্ত ভঙ্গ করায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে। এর আগে ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এই মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। অভিযোগে বলা হয়, দুই পরিবারের সম্মতিতে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে ভুক্তভোগী নোবেলের ডেমরার বাসায় গেলে তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এছাড়া ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত রয়েছে।
শর্ত ভঙ্গের কারণে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :