• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কন্যাসন্তান জন্মের পর সামনে এলো বুবলীর আড়ালে থাকার কারণ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সম্প্রতি কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

গত কয়েক মাস ধরে বুবলীকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। নতুন সিনেমা মুক্তি পেলেও প্রিমিয়ার, সংবাদ সম্মেলন কিংবা প্রচারণামূলক কার্যক্রমে তার উপস্থিতি ছিল সীমিত। এ কারণে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। অনেকেই ধারণা করেছিলেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তবে পুরো সময়জুড়ে বিষয়টি নিয়ে নীরব ছিলেন এই অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, প্রথম সন্তানের মতো এবারও বিদেশে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময় তিনি ঢাকাতেই অবস্থান করেছেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে তিনি খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন।

মা হওয়ার আগ পর্যন্ত বুবলী একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এমনকি পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমার কাজও সম্পন্ন করেন। তবে সিনেমাটি মুক্তি পেলেও প্রচারণায় তাকে দেখা যায়নি, যা তখন নানা গুঞ্জনের জন্ম দেয়।

সন্তানের জন্মস্থান নিয়েও শুরুতে নানা আলোচনা ছিল। পরে একাধিক সূত্র জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও হাসপাতালের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অন্যদিকে কিছু গণমাধ্যমে হাসপাতাল হিসেবে এভারকেয়ারের নামও উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে বুবলী জানান, তাদের পরিবারে নতুন অতিথির আগমনে সবাই আনন্দিত। পোস্টের সঙ্গে প্রকাশ করা একটি ফটোকার্ডে শিশুটির নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয় এবং সেখানে শাকিব খান-কেও ট্যাগ করা হয়। খবরটি প্রকাশের পর ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে বুবলী ও শাকিব খানের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। প্রায় দুই বছর পর তারা সেই খবর প্রকাশ্যে আনেন। তবে এবার কন্যাসন্তান জন্মের এক মাসেরও কম সময়ের মধ্যে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুবলী।