• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

‘কেডি: দ্য ডেভিল’-এর গান নিয়ে মুখ খুললেন নোরা, ‘আমার অনুমতি নেওয়া হয়নি’


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি’ গান প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। গানটির কথা, দৃশ্যায়ন এবং নারীদের উপস্থাপনা নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। একপর্যায়ে গানটি নিষিদ্ধের দাবিও জানানো হয়। বিতর্কের মধ্যে গানটি সরিয়ে নেওয়া হলেও বিষয়টি আবারও আলোচনায় এসেছে অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহির বক্তব্যে।

প্রায় পাঁচ মাস পর এক পডকাস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নোরা। তাঁর দাবি, গানটির মূল কন্নড় সংস্করণের শুটিংয়ে অংশ নিলেও পরে তৈরি হিন্দি সংস্করণের ক্ষেত্রে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।

নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। বড় বাজেটের সিনেমায় কাজের সুযোগ এবং অভিনেতা সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার কারণেই তিনি সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে মূল কন্নড় গানটিকে হিন্দিতে রূপান্তর করার সময় তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এমনকি হিন্দি সংস্করণে এমন কিছু শব্দ যুক্ত করা হয়েছে, যেগুলোর সঙ্গে তিনি একমত নন।

নোরার আপত্তি শুধু গানের কথায় সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, হিন্দি সংস্করণের লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়াই কিছু ছবি ও ভিজ্যুয়াল ব্যবহার করা হয়েছে। এমনকি সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে ভিডিওতে যুক্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, কন্নড় সংস্করণের জন্য তিনি যে কাজ করেছিলেন এবং পরবর্তীতে তৈরি হিন্দি সংস্করণের উপস্থাপনা এক নয়। ফলে হিন্দি সংস্করণকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের দায় তাঁর ওপর বর্তানো উচিত নয় বলেই মনে করেন তিনি।

নোরা বলেন, একজন শিল্পীর ছবি, কাজ কিংবা ভিজ্যুয়াল অন্য কোনো সংস্করণে ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি।এর আগে গানটি প্রকাশের পর এর কিছু কথা ও দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিভিন্ন সংগঠনের অভিযোগের পর গানটি সরিয়ে নেওয়া হয়েছিল। সেই পুরোনো বিতর্কের মধ্যেই এবার নোরার নতুন বক্তব্য বিষয়টিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

নোরার বক্তব্যের মধ্য দিয়ে গানটির কন্নড় ও হিন্দি সংস্করণের মধ্যে পার্থক্য, শিল্পীর অনুমতি এবং বিনোদন জগতে কনটেন্ট ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।