আনন্দ বিনোদন ডেস্ক: গরমের দিনে ক্লান্তি দূর করতে শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। বাজারের কৃত্রিম পানীয়ের বদলে ঘরেই সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর মকটেল, যা শরীরকে সতেজ রাখবে।
প্রথমেই রয়েছে তরমুজ ও পুদিনার মকটেল। তরমুজে পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তরমুজ ব্লেন্ড করে তার সঙ্গে পুদিনা পাতা, লেবুর রস ও সামান্য বিট নুন মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন করলে তৈরি হয়ে যাবে এক গ্লাস রিফ্রেশিং পানীয়।
দ্বিতীয় রেসিপি আদা ও শসার মকটেল। শসা শরীরকে শীতল রাখে, আর আদার ঝাঁজ ক্লান্তি দূর করতে সহায়তা করে। শসা ও আদা ব্লেন্ড করে ছেঁকে নিয়ে তাতে মধু বা চিনি মিশিয়ে সোডা বা ঠান্ডা জল যোগ করলেই তৈরি হয়ে যায় এই পানীয়।
তৃতীয় মকটেলটি কাঁচা আমের স্পাইসি স্বাদে ভরপুর। সেদ্ধ কাঁচা আমের পাল্পের সঙ্গে ভাজা জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিনি ও বিট নুন মিশিয়ে তাতে সোডা যোগ করলে পাওয়া যাবে টক-ঝাল স্বাদের ভিন্নধর্মী পানীয়।
পুষ্টিবিদদের মতে, প্রাকৃতিক ফলের পানীয় শরীরের জন্য অনেক বেশি উপকারী। তরমুজ ও শসা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। তাই গরমে সুস্থ থাকতে ঘরোয়া এসব পানীয়ই হতে পারে সেরা সঙ্গী।
আপনার মতামত লিখুন :