• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘সুড়ঙ্গ-২’ নিয়ে ফিরছেন নিশো-রাফি, মুক্তি পাবে ডিসেম্বরে


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বাংলাদেশের দর্শকদের বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের পর এবার ‘সুড়ঙ্গ-২’ নিয়ে ফিরছেন নির্মাতা রায়হান রাফি এবং অভিনেতা আফরান নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে।

প্রথম সিনেমায় ‘মাসুদ’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন সিনেমার গল্প শুরু হবে আগের কাহিনির ধারাবাহিকতা ধরে। তবে এবার গল্পের পরিসর, নির্মাণশৈলী ও প্রযুক্তিগত আয়োজন আরও বড় পরিসরে উপস্থাপন করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘সুড়ঙ্গ-২’ শুধু একটি সিক্যুয়েল নয়, বরং এটি হবে একটি বিস্তৃত সিনেম্যাটিক যাত্রা। মানুষের মনস্তত্ত্ব, আকাঙ্ক্ষা, সংগ্রাম ও সম্পর্কের নানা দিক নতুনভাবে তুলে ধরা হবে এতে। দর্শকদের জন্য থাকছে বেশ কিছু নতুন চমকও।

নির্মাতা রায়হান রাফি বলেন, ‘সুড়ঙ্গ’ তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দর্শকদের ভালোবাসা ও প্রত্যাশাকে সামনে রেখেই নতুন সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে আফরান নিশো জানিয়েছেন, ‘মাসুদ’ চরিত্রটি তাঁর অভিনয়জীবনের বিশেষ একটি অধ্যায়। নতুন গল্প ও নতুন চ্যালেঞ্জ নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিংয়ের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।