আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর আন্তর্জাতিক যাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করলো ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘রইদ’। শুক্রবার (২৬ জুন) থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।
আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এই প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি দর্শকরাও সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।
পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়ে আসছে। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী এখনো অব্যাহত রয়েছে।
সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেক শিল্পী।
এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হয়েছিল। আর যুক্তরাষ্ট্রে একযোগে ৩১টি শহরে মুক্তির মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শন আরও বিস্তৃত হলো।
আপনার মতামত লিখুন :