• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

৩৪ তারকাকে নিয়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: শুটিং ছিল যেন এক বিশাল উৎসব


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির আগেই ৩৪ জন বলিউড তারকাকে একসঙ্গে নিয়ে নির্মিত হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। এবার এর শুটিংয়ের নেপথ্যের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুলেছেন পরিচালক আহমেদ খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এমনও দিন গেছে যখন একই দৃশ্যে একসঙ্গে প্রায় ৩০ জন তারকা উপস্থিত ছিলেন। প্রতিটি তারকার সঙ্গে গড়ে পাঁচজন করে ব্যক্তিগত স্টাফ থাকায় শুধু অভিনেতাদের টিমই ছিল প্রায় ১৫০ জনের। এর সঙ্গে প্রোডাকশন ইউনিটের আরও প্রায় ২০০ সদস্য যুক্ত হওয়ায় প্রতিদিন প্রায় সাড়ে ৩৫০ জনের বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে হয়েছে।

আহমেদ খান বলেন, সাধারণ শুটিং ফ্লোরে এত বড় আয়োজন সম্ভব ছিল না। তাই বিশাল দুটি মাঠ ভাড়া নিয়ে সেখানে প্রায় ৫০টি ভ্যানিটি ভ্যানের পার্কিং, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের থাকার ব্যবস্থা এবং টেকনিশিয়ানদের জন্য আলাদা ক্যাবিন তৈরি করা হয়েছিল। তার ভাষায়, “সেটে সিনেমার শুটিং নয়, যেন একটি বিশাল উৎসব চলছিল।”

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুটি কিস্তি দর্শকদের ব্যাপক বিনোদন দিলেও তৃতীয় কিস্তি মুক্তির আগেই নানা বিতর্কের মুখে পড়ে। সবচেয়ে বড় ধাক্কা ছিল জনপ্রিয় দুই চরিত্র উদয় শেট্টি (নানা পাটেকর) ও মজনু ভাই (অনিল কাপুর)-এর অনুপস্থিতি। পারিশ্রমিক ও চিত্রনাট্যসংক্রান্ত মতপার্থক্যের কারণে তারা এই সিনেমায় কাজ করেননি।

এছাড়া সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর ভিএফএক্স নিয়েও সমালোচনা হয়েছে। অনেকের আশঙ্কা ছিল, এত বেশি তারকাকে একত্রে নিয়ে গল্পের মূল আকর্ষণ নষ্ট হতে পারে।

সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানিসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। এত বড় তারকাবহুল আয়োজন দর্শকদের কতটা আনন্দ দিতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।