আনন্দ বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবার নিজের জীবনের গল্প তুলে ধরছেন আত্মজীবনীতে। সংগ্রাম, সাফল্য এবং দীর্ঘ অভিনয়জীবনের নানা অজানা স্মৃতি নিয়ে বইটি লিখছেন তিনি নিজেই। ইতোমধ্যেই বইটির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন রজনীকান্ত। সেখান থেকে চলচ্চিত্র জগতে পা রেখে ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই তারকার জীবনযাত্রার নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ই স্থান পাবে আত্মজীবনীতে।
জানা গেছে, বইটিতে শৈশব, পারিবারিক জীবন, বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবনের অভিজ্ঞতা, চলচ্চিত্রে প্রবেশের গল্প, তারকাখ্যাতি অর্জনের পেছনের সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের বহু অজানা স্মৃতি তুলে ধরা হবে।
রজনীকান্তের কন্যা সৌন্দর্যা রজনীকান্ত জানিয়েছেন, বইটির লেখার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি উটির মনোরম পরিবেশে অবকাশযাপনের সময়ও তিনি আত্মজীবনী লেখায় সময় দিয়েছেন। পাঠকদের জন্য এটি তার জীবনসংগ্রাম ও সাফল্যের এক মূল্যবান দলিল হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, আত্মজীবনীটি অবলম্বনে ভবিষ্যতে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার নামও চূড়ান্ত হয়নি।
তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষার চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য রজনীকান্ত ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জন করেছেন। তার আত্মজীবনী প্রকাশের খবর ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :