• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

আনকাট ছাড়পত্র পেল এআই-নির্মিত ‘গ্যাপ’, ৩১ অক্টোবর ইউটিউবে মুক্তি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বদলে যাচ্ছে বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাণের ধরন। সেই ধারায় নতুন সংযোজন বাংলাদেশের এআই-নির্ভর চলচ্চিত্র ‘গ্যাপ’। পরিচালক মাবরুর রশিদ বান্নাহর নির্মিত ছবিটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্য কর্তন ছাড়াই প্রদর্শনের অনুমতি পেয়েছে। নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতাদের দাবি, ‘গ্যাপ’ সম্পূর্ণ এআই প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের একটি সাহসী প্রয়াস। ছবিটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে। সীমিত বাজেট ও জনবল ব্যবহার করে নতুন প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা তুলে ধরাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। সম্পূর্ণ এআই-নির্ভর চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকেই বিষয়টিকে অসম্ভব মনে করেছিলেন। তবে দীর্ঘদিনের পরিশ্রম এবং আন্তর্জাতিক মানের এআই টুল ব্যবহারের মাধ্যমে তাঁরা কাজটি সম্পন্ন করেছেন।

বান্নাহর ভাষ্য, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কর্তন ছাড়াই ছাড়পত্র পাওয়া তাঁদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁর আশা, ছবিটি দর্শকদের নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা দেবে এবং তরুণ নির্মাতাদের প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করবে।

‘গ্যাপ’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নির্মিত ‘গ্যাপ’ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। ইউটিউবে মুক্তির পর দর্শকেরা ছবিটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।