ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে নতুন গান ‘ফাঁকি’, সঙ্গে খন্দকার বাপ্পি
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: দেশের পপ সংগীতের অন্যতম জনপ্রিয় নাম ফেরদৌস ওয়াহিদ নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। ‘ফাঁকি’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সময়ের ব্যস্ত শিল্পী খন্দকার বাপ্পি। গানটি প্রকাশিত হয়েছে ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে।
জীবনের বাস্তবতা, সময়ের গুরুত্ব এবং আত্মউপলব্ধির বিষয়গুলোকে কেন্দ্র করে গানটির কথা নির্মিত হয়েছে। ‘মন উজালা মন উতলা/ খেলছো তুমি কিসের খেলা’— এমন অর্থবহ কথামালায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। গানটির সঙ্গে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও, যেখানে মডেল হিসেবে কাজ করেছেন র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করতে তার সবসময় ভালো লাগে। এই গানের মাধ্যমে নতুনদের সঙ্গে দারুণ একটি সমন্বয় তৈরি হয়েছে বলে তিনি মনে করেন এবং শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন।
গীতিকার তারেক আনন্দ জানান, ফেরদৌস ওয়াহিদের কণ্ঠের স্বকীয়তা মাথায় রেখে গানটির কথা লেখা হয়েছে। একইসঙ্গে খন্দকার বাপ্পির গায়কীর প্রশংসা করে তিনি বলেন, গানটিতে শ্রোতারা জীবনের গভীর অর্থ খুঁজে পাবেন।
অন্যদিকে খন্দকার বাপ্পি বলেন, ফেরদৌস ওয়াহিদের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া তার সংগীত জীবনের একটি বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে।
আপনার মতামত লিখুন :