• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ছয় মাস পর ফিরছে আতিফ আসলামের কনসার্ট, পুরোনো টিকিটেই মিলবে প্রবেশের সুযোগ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে গত বছর স্থগিত হওয়া পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আগামী ২৪ জুলাই ঢাকায় মঞ্চে উঠবেন এই তারকা শিল্পী।

মূলত গত বছরের ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সে সময় আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্ট বাতিল নয়, বরং পরবর্তীতে উপযুক্ত সময়ে নতুন করে আয়োজন করা হবে।

কনসার্ট স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছিলেন আতিফ আসলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন, নতুন তারিখ নির্ধারণ করে আবারও ঢাকায় আসবেন এবং পূর্বে কেনা টিকিট দিয়েই দর্শকেরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, পূর্বের টিকিটধারীদের জন্য বিশেষ অগ্রাধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি নতুন দর্শকদের জন্য সীমিতসংখ্যক টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হবে। টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

মেইন স্টেজের নির্বাহী কাজী রাফসান বলেন, অনুষ্ঠান স্থগিত হওয়ার পর থেকে অসংখ্য দর্শক কনসার্টটি পুনরায় আয়োজনের বিষয়ে জানতে চেয়েছেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় কাজ করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আয়োজকদের আশা, বহু প্রতীক্ষিত এই আয়োজন শুধু একটি কনসার্টই নয়, বরং সংগীতপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেগের এক মিলনমেলায় পরিণত হবে।