মা হারালেন বলিউড অভিনেত্রী জেরিন খান, শোকে ভেঙে পড়লেন
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী Zareen Khan-এর মা পরভীন খান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় সকাল ১০টায় জানাজা শেষে ভারসোভা মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরভীন খান। মায়ের শারীরিক অবস্থার কারণে কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল জেরিনকে।
এর আগে একাধিকবার মায়ের প্রতি নিজের নির্ভরতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছিলেন, মাকে ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না। মায়ের সুস্থতার জন্য ভক্তদের কাছে প্রার্থনাও চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মানতে হলো তাকে, যা জেরিনের জীবনে গভীর শোকের ছায়া ফেলেছে।
উল্লেখ্য, বলিউডে Salman Khan-এর হাত ধরেই বড়পর্দায় অভিষেক ঘটে জেরিন খানের। ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও ব্যক্তিগত জীবন ও সংগ্রামের গল্পের কারণে তিনি আলোচনায় ছিলেন। ছোটবেলায় বাবার অনুপস্থিতিতে মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয়েছিল তাকে। সংসারের দায়িত্ব নিতে জীবনের শুরুতে কল সেন্টারে কাজ করেছেন তিনি, পরে অভিনয়ে এসে পরিবারের জন্য নতুন পথ তৈরি করেন।
আপনার মতামত লিখুন :