সন্তান কোলে নিয়েই অভিনয়ে ফিরছেন শবনম বুবলী, সেপ্টেম্বরে শুরু ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
আনন্দ বিনোদন ডেস্ক: মাতৃত্বের কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিরতি শেষে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করবেন এই নায়িকা।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে বুবলির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই শুটিংয়ে অংশ নেবেন। এর আগে তার উপস্থিতি প্রয়োজন নেই—এমন দৃশ্যগুলোর কাজ শেষ করা হবে।
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে পুরান ঢাকার জীবনযাপন, ভাষা ও সংস্কৃতিকে ঘিরে। ছবিতে আদর আজাদকে দেখা যাবে এক শিয়া যুবকের চরিত্রে এবং বুবলী অভিনয় করবেন এক সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে দুই শিল্পীকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।
নির্মাতা জানান, সিনেমাটি শুধু দেশের বাণিজ্যিক দর্শকদের জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকদের কথাও বিবেচনায় রেখে নির্মাণ করা হচ্ছে। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই শবনম বুবলীর অভিনয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :