আনন্দ বিনোদন ডেস্ক: ভিন্নধর্মী গল্প আর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। এই জুটির নতুন কাজ ‘দুর্নাম’ নাটকটি ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
জান্নাতুল ফেরদৌস মিলার রচনায় এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত এই নাটকে এক প্রতারণার গল্প তুলে ধরা হয়েছে। কাহিনিতে দেখা যায়, প্রেমিকের হাত ধরে গ্রাম থেকে শহরে আসা এক তরুণী চাঁদনি বিয়ের প্রলোভনে পড়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়। পরে সেখান থেকে পালিয়ে এসে এক অচেনা শহরে অসহায় অবস্থায় পড়ে যায় সে। এমন পরিস্থিতিতে একজন সহৃদয় মানুষের সহায়তায় সাময়িক আশ্রয় পায় চাঁদনি, যা গল্পে নতুন মোড় তৈরি করে।
নির্মাতা জিয়াউদ্দিন আলম জানান, নাটকটির মাধ্যমে সমাজে ঘটে যাওয়া প্রতারণা ও নির্যাতনের বিষয়গুলো তুলে ধরে সচেতনতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। তার মতে, অহনা রহমানের অভিনয় দর্শকদের আবেগতাড়িত করবে এবং গল্পের গভীরতা উপলব্ধি করতে সহায়তা করবে।
অভিনেত্রী অহনা রহমান বলেন, এই নাটকে তার চরিত্রটি কিছুটা ভিন্ন এবং দর্শক নতুনভাবে তাকে দেখবেন। তিনি আশা প্রকাশ করেন, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।
রাশেদ সীমান্ত ও অহনা রহমান ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন পারিসা জান্নাত, নুরে আলিফ, সাবিনা ররি, সুমন আহমেদ বাবু ও আয়মান শুভসহ অনেকে। নাটকটি সম্প্রতি আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
আপনার মতামত লিখুন :