আনন্দ বিনোদন ডেস্ক: ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের নির্মাণ প্রক্রিয়া ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক সেমিনারে সাবেক প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু দাবি করেন, শুটিং বিলম্ব ও জটিলতার পেছনে অন্যতম কারণ ছিল অভিনয়শিল্পীদের বাড়তি পারিশ্রমিক দাবি। তার বক্তব্য অনুযায়ী, শ্রীলঙ্কায় দীর্ঘ সময় অবস্থান করেও শুটিং শুরু করা যায়নি এবং ভারতে ডাবিংয়ের সময়ও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়।
পরিচালক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি বলেন, সিনেমাটি মুক্তির পর সব দায় প্রযোজকের ওপর চাপানো হলেও নির্মাণকালে ঘটে যাওয়া বাস্তব সমস্যাগুলো সামনে আসেনি। তার মতে, প্রযোজক সমিতি সক্রিয় থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যেত।
এ বিষয়ে চলচ্চিত্রটির পরিচালক আবু হায়াত মাহমুদ সরাসরি অস্বীকার না করলেও নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে এবং আপাতত তিনি নীরব থাকতে চান।
ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই সিনেমাটি বিভিন্ন সমালোচনার মুখে পড়ে। প্রযুক্তিগত দুর্বলতা, বিশেষ করে সাউন্ড ও ভিএফএক্সের সীমাবদ্ধতা এবং গল্পের অসংগতির কারণে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। এমনকি দেশের একটি বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স-এও শুরুর দিকে প্রদর্শনী পায়নি সিনেমাটি।
পরবর্তীতে ছবির ত্রুটি স্বীকার করে দর্শকদের কাছে ক্ষমা চান প্রধান অভিনেতা শাকিব খান। নব্বইয়ের দশকের গ্যাংস্টার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, দিব্যেন্দু ভট্টাচার্যসহ অনেকে।
আপনার মতামত লিখুন :