আনন্দ বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’। এবার তার তৃতীয় সিনেমার নাম ‘অপলক’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আদনান আল রাজীব। শিগগিরই শুরু হবে এর শুটিং। বর্তমানে চলছে সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ও রিহার্সাল।
‘অপলক’ সিনেমার গল্প ও নিজের চরিত্র সম্পর্কে মেহজাবীন জানান, এটি মূলত ভালোবাসার গল্প। তবে শুধু প্রেম নয়, মানুষের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের পরিচিত নানা অনুভূতিও উঠে আসবে এতে। গল্পটি তার কাছে বেশ বাস্তবধর্মী মনে হয়েছে।
সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, চরিত্রটিতে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এখনই চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চান না তিনি। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে নিজের চরিত্রটি আবিষ্কার করুন, সেটিই তার প্রত্যাশা।
পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন মেহজাবীন। এর আগে দুজনের একসঙ্গে কয়েকটি বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা থাকলেও সিনেমায় এবারই প্রথম। অন্যদিকে এটি আদনান আল রাজীবেরও প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাই কাজটি দুজনের কাছেই বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান অভিনেত্রী।
‘অপলক’ সিনেমার আরেকটি আকর্ষণ জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রায় চার বছর পর আবারও তার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন মেহজাবীন। এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দর্শকদের পক্ষ থেকে তাদের একসঙ্গে দেখার প্রত্যাশা ছিল। অবশেষে বড় পর্দায় সেই সুযোগ তৈরি হয়েছে, যা তার কাছে আনন্দের।
নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে মেহজাবীন বলেন, সহশিল্পী হিসেবে নিশো অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী। নিজের কাজের প্রতি তার মনোযোগ প্রশংসনীয়। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কারণে দুজনের মধ্যে ভালো বোঝাপড়াও রয়েছে। তবে এবার কাজের মাধ্যম আলাদা হওয়ায় দর্শক তাদের জুটিকে নতুনভাবে দেখার সুযোগ পাবেন বলে আশা করছেন তিনি।
একজন অভিনেত্রী হিসেবে নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান না মেহজাবীন। বরং ভিন্ন ভিন্ন গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান। এমন চরিত্রের প্রতি তার আগ্রহ বেশি, যেখানে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখা সম্ভব।
নিজের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ভালো সিনেমার অংশ হতে চান তিনি। এমন গল্পে কাজ করতে চান, যেগুলো মুক্তির পর সাময়িক আলোচনায় সীমাবদ্ধ না থেকে বহু বছর পরও দর্শকের মনে জায়গা করে নেবে। তার বিশ্বাস, বাংলাদেশের গল্প, মানুষের আবেগ ও সংস্কৃতির মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর মতো যথেষ্ট শক্তি রয়েছে।
বাংলাদেশের চলচ্চিত্রকে আরও বড় পরিসরে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন মেহজাবীন। সেই যাত্রায় নিজের কাজের মাধ্যমে কিছুটা অবদান রাখতে চান তিনি।
নতুন সিনেমা ‘অপলক’-এর প্রস্তুতি নিয়ে অভিনেত্রী জানান, পুরো টিম কাজটি নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আশা করছেন, খুব শিগগিরই শুটিং শুরু করা সম্ভব হবে। সুন্দরভাবে সিনেমাটির কাজ শেষ করতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।
মেহজাবীন ও আফরান নিশোর জনপ্রিয় জুটি আবারও বড় পর্দায় ফিরছে এ খবর ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এখন অপেক্ষা ‘অপলক’ সিনেমার শুটিং শুরু এবং পরবর্তী বিস্তারিত ঘোষণার।
আপনার মতামত লিখুন :