আনন্দ বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এবার যাত্রা শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জে। আগামী ৭ এপ্রিল থেকে শহরের জালকুঁড়ি এলাকায় অবস্থিত সীমান্ত টাওয়ার-এ চালু হচ্ছে নতুন এই শাখা। শুরুতে সীমিত আকারে দুপুর ও বিকেলের দুটি শো প্রদর্শিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, পূর্বনির্ধারিত সময়ে শাখাটি চালু করতে না পারায় তারা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছেন। তবে এবার অপেক্ষার অবসান ঘটছে এবং খুব দ্রুত পূর্ণাঙ্গভাবে সব শো চালু করা হবে।
নতুন এই মাল্টিপ্লেক্সে মোট তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলে ১৭৮টি করে আসন এবং একটি হলে ৭৫টি আসন থাকবে। আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা এবং আরামদায়ক পরিবেশসহ বিশ্বমানের সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে দর্শকরা উন্নত অভিজ্ঞতা পান।
কর্তৃপক্ষ জানায়, সময়ের সঙ্গে দর্শকদের চাহিদা বদলেছে। তাই উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সিনেমা উপভোগের সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। চলতি বছরের মধ্যেই দেশের আরও বিভিন্ন শহরে নতুন শাখা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :