আনন্দ বিনোদন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বড় ওপেন-এয়ার কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।
বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কনসার্ট। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায় এবং পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড— মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। এছাড়া আয়োজনের অংশ হিসেবে থাকবে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
কনসার্টটি প্রসঙ্গে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আরও অর্থবহ হয়ে উঠবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, গণ-আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। তিনি বলেন, অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে আরেকটি উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৪টা থেকে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর এবং সংগীতশিল্পী আসিফ আকবর। এছাড়া পরিবেশনায় থাকবেন নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেক শিল্পী।
আয়োজকদের মতে, দুটি কনসার্টই কেবল সংগীতানুষ্ঠান নয়; বরং গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি সাংস্কৃতিক উদ্যোগ। দর্শকদের জন্য উন্মুক্ত এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :