• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

বিচ্ছেদ মামলার নতুন মোড়, আবেদন প্রত্যাহার করলেন গোবিন্দর স্ত্রী সুনীতা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে নতুন মোড় নিয়েছে বিচ্ছেদ মামলা। সুনীতা আনুষ্ঠানিকভাবে আদালত থেকে তাঁর করা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা।

২০২৪ সালের ৫ ডিসেম্বর হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর অধীনে বান্দ্রা ফ্যামিলি কোর্টে গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। ওই আবেদনে তিনি দাম্পত্যজীবনে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে পরবর্তী সময়ে মামলাটি নিয়ে আর কোনো আইনি পদক্ষেপ এগোয়নি। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা জানান, সুনীতা আগে বিচ্ছেদের আবেদন করেছিলেন, কিন্তু সেটির ওপর পরবর্তী কোনো আইনি কার্যক্রম হয়নি। এখন তিনি আইনিভাবে সেই আবেদন ফিরিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে গোবিন্দ নিজে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে চাইছেন না বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে গোবিন্দ ও সুনীতার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নানা মন্তব্য ও পাল্টা মন্তব্য দেখা গেছে। সুনীতা একাধিকবার গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। অন্যদিকে গোবিন্দও প্রকাশ্য মন্তব্যের প্রতিক্রিয়ায় স্ত্রীকে সতর্ক করেছেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে প্রকাশ্যে কথা না বলার আহ্বান জানিয়েছেন।

এর আগে বুধবার ছেলে যশবর্ধন আহুজাকে সঙ্গে নিয়ে বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা যায় সুনীতাকে। আদালতে তাঁর উপস্থিতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হলেও সেখানে যাওয়ার কারণ তিনি স্পষ্ট করেননি।

বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের খবর প্রকাশের পর গোবিন্দ ও সুনীতার সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁদের দাম্পত্যজীবন নিয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত বা সমঝোতার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালের মার্চে। তাঁদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা।

সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস