আনন্দ বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমে যোগ হয়েছে আন্তর্জাতিক মাত্রা। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ মুক্তি পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’-এ প্রথমবারের মতো দেখা গেছে নেপালি মডেল ও অভিনেত্রী রাজেশ্রী থাপাকে। নতুন এই চরিত্রটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার সিরিজটির ৯৭ থেকে ১০০ নম্বর পর্যন্ত চারটি নতুন পর্ব একযোগে মুক্তি দেওয়া হয়। নতুন পর্বে রাজেশ্রী থাপা অভিনয় করেছেন ‘কিরান’ চরিত্রে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজেশ্রীর একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গ-তে।’ নির্মাতার সেই পোস্টে মন্তব্য করে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজেশ্রীও। বাংলাদেশি দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একটি বিশেষ ছবি শেয়ার করেছেন নেপালি এই অভিনেত্রী। তাঁর সেই পোস্টও দুই দেশের দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, নতুন পর্বগুলোর শুটিং হয়েছে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এ জন্য মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকারসহ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো টিম নেপালে অবস্থান করে দৃশ্যধারণ সম্পন্ন করেন। নতুন লোকেশন ও নতুন চরিত্রের সংযোজন সিরিজটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। এবারের পর্বগুলোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দর্শকরা দেখতে পাবেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত চরিত্রগুলো ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে ফুটবল নিয়ে মজার তর্ক, হাস্যরস এবং নানা ঘটনাপ্রবাহে জড়িয়ে পড়ছে।
নতুন চরিত্র, বিদেশের মনোরম লোকেশন এবং বিশ্বকাপের আবহ সব মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় দর্শকদের জন্য আরও বেশি বিনোদন ও চমক নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :