আনন্দ বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন তিনি। ভারতের তিরুনেলভেলিতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, তাকে ঘিরে যেসব অভিযোগ ও সমালোচনা চলছে, তা স্বাভাবিক নয় বরং পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, করুরের পদদলনের মতো ঘটনাও তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এসবের পরও সাধারণ মানুষ তার পাশে রয়েছে বলেই তিনি মনে করেন। বিজয়ের ভাষ্য, প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ভীত হয়ে নতুন নতুন ইস্যু তৈরি করছে এবং তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে।
তার আসন্ন সিনেমা জন নায়াগান নিয়েও অভিযোগ তুলেছেন এই অভিনেতা। তিনি বলেন, ছবিটির সেন্সর ছাড়পত্র পেতে দেরি হওয়াটা সন্দেহজনক এবং ইচ্ছাকৃতভাবে তার কাজ আটকে দেওয়া হচ্ছে। এমনকি জনগণের সঙ্গে তার সরাসরি যোগাযোগেও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন বিজয়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্যের পর তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের খবর সামনে এসেছে। পাশাপাশি অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়েছে। তবে এসব বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনের আগে এসব গুজব ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে।
উল্লেখ্য, ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে অংশ নিচ্ছেন বিজয়। কোনো জোট ছাড়াই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব বিতর্কের মাঝেও তার দাবি, জনগণের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি এবং কোনো চাপই তাকে মানুষের কাছ থেকে দূরে সরাতে পারবে না।
আপনার মতামত লিখুন :