• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

রায়হান রাফীর ‘লায়ন’ আর করছেন না জিৎ


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   রায়হান রাফীর বহুল আলোচিত ‘লায়ন’ সিনেমায় আর অভিনয় করছেন না কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। দীর্ঘদিন ধরে সিনেমাটির নির্মাণ নিয়ে নানা অনিশ্চয়তা থাকলেও এবার নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন এই অভিনেতা।

২০২৪ সালে জিতের জন্মদিন উপলক্ষে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে-ও সিনেমাটির নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। বড় বাজেট, বিশাল আয়োজন এবং গল্পের প্রয়োজনে জাহাজসহ নানা প্রস্তুতির কারণে সিনেমাটির শুটিং শুরুতে দেরি হচ্ছিল।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটি শুটিং ফ্লোরে গড়ায়নি। এর আগে বাজেট ও প্রযোজনা-সংক্রান্ত জটিলতার কারণে ‘লায়ন’ স্থগিত থাকার খবরও প্রকাশিত হয়েছিল।

এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত এই অভিনেতা বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউবারকে সাক্ষাৎকার দিচ্ছেন। এমনই এক সাক্ষাৎকারে ‘লায়ন’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

সিনেমাটি নিয়ে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল। মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।’

জিৎ জানান, সিনেমাটির কাজ পুনরায় শুরু করতে আগ্রহী ছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে সেই প্রস্তাবে তিনি রাজি হননি। নিজের সিদ্ধান্তের কথা রাফীকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে জানান অভিনেতা।

‘লায়ন’-এ জিতের সঙ্গে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। ঘোষণার সময় রায়হান রাফী জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হবে এবং জিৎ ও শরিফুল রাজকে সমান্তরাল দুই নায়ক হিসেবে দেখা যাবে।

তবে জিৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও এ বিষয়ে এখনো রায়হান রাফীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ‘লায়ন’ প্রকল্পটি ভবিষ্যতে অন্য কোনো শিল্পীকে নিয়ে নতুনভাবে এগোবে কি না, সেটিও এখনো পরিষ্কার নয়।

‘লায়ন’ শুটিং ফ্লোরে না গড়ালেও নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর পরিচালিত ‘আন্ধার’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে।

এ ছাড়া রায়হান রাফীর ‘সুড়ঙ্গ ২’ নিয়েও আলোচনা রয়েছে। আফরান নিশো অভিনীত এই সিনেমার শুটিং আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এক সময় বড় বাজেট, দুই বাংলার দুই তারকা এবং বিশাল আয়োজনের কারণে ‘লায়ন’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে জিতের সরে দাঁড়ানোর ঘোষণায় সিনেমাটির ভবিষ্যৎ এখন নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।