আনন্দ বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে ভক্তদের মাঝে নতুন উত্তেজনা তৈরি করেছেন। কোরবানির ঈদকে সামনে রেখে নির্মিত এই সিনেমাটির অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এবার এলো নতুন চমক।
শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন শাকিব খান। সেখানে দেখা যায় ‘রকস্টার’ সিনেমার মোশন পোস্টার, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। ভিডিওতে ঝড়-বৃষ্টির আবহ, ইলেকট্রিক গিটারের সুর এবং কনসার্টের পরিবেশে রকস্টার চরিত্রে শাকিব খানের অ্যানিমেটেড উপস্থিতি তুলে ধরা হয়েছে।
ভিডিওর শেষাংশে জানানো হয়, আগামী ৫ মে সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। পোস্টটির ক্যাপশনে শাকিব খান লিখেছেন— “একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগির।”
সান কমিউনিকেশনের প্রযোজনায় নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করেছেন আজমান রুশো। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।
এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে। নির্মাতারা আশা করছেন, ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনায় ‘রকস্টার’ সিনেমাটি ঈদে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :