• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে শিল্পী সমিতি, নতুন ৪০ সদস্য নিয়ে বিতর্ক


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

 আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন ৪০ জনকে পূর্ণ সদস্যপদ দেওয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, সমিতির গঠনতন্ত্রে নির্ধারিত শর্ত লঙ্ঘন করে বেশ কয়েকজনকে পূর্ণ সদস্যপদ ও ভোটাধিকার দেওয়া হয়েছে।

শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৫(ক) ধারায় বলা হয়েছে, বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত অন্তত পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শিল্পীরাই পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। কার্যনির্বাহী পরিষদের অনুমোদনের পর তারা ভোটাধিকারসহ পূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।

তবে অভিযোগ উঠেছে, নতুন সদস্যদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা পাঁচটির কম। কারও দুটি বা তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, আবার কারও কোনো সিনেমাই মুক্তি পায়নি। অভিযোগে আরও বলা হয়েছে, বর্তমান নির্বাচনের এক প্রার্থীর স্ত্রী ও আরেক প্রার্থীর মেয়েসহ পরিচিত কয়েকজনও পূর্ণ সদস্যপদ পেয়েছেন। শিল্পী সমিতির সদস্য এবিএম সোহেল রশিদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী পাঁচটি চলচ্চিত্রে কাজ না করলে সদস্যপদ পাওয়ার সুযোগ নেই। কিন্তু এবার প্রায় ৪০ জনকে নিয়মের বাইরে সদস্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তার ভাষ্য, অতীতে সদস্য হতে ৫০-৬০টি সিনেমায় কাজ করার পাশাপাশি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অথচ বর্তমানে নিয়ম ভেঙে অযোগ্য ব্যক্তিদেরও পূর্ণ সদস্য করা হচ্ছে বলে তিনি দাবি করেন।রশিদ আরও জানান, বিষয়টি নিয়ে শিল্পী সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি ও কয়েকজন সদস্য প্রতিবাদ জানিয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের আপত্তি কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শিল্পী সমিতির বর্তমান কমিটির আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।