বিনোদন ডেস্ক: দীর্ঘদিন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করার পর আবারও ছোট পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে যেকোনো নাটকে নয়, বরং শক্তিশালী গল্প, মানসম্মত নির্মাণ, পর্যাপ্ত বাজেট এবং বড় পরিসরের আয়োজন থাকলেই নাটকে অভিনয়ের বিষয়ে ইতিবাচকভাবে ভাববেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাটকে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মিম বলেন, বর্তমান সময়ের নাটকের নির্মাণধারা আগের তুলনায় অনেক বদলে গেছে। তার ভাষায়, এখন অধিকাংশ নাটকেই একই ধরনের গল্প দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই নির্মাতারা মানের চেয়ে ভিউ ও ভাইরাল হওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।
মিম বলেন, “আমি একেবারে ‘না’ বলছি না। যদি ভালো বাজেট, বড় আয়োজন এবং সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ আসে, তাহলে অবশ্যই ভবিষ্যতে নাটকে অভিনয়ের বিষয়টি বিবেচনা করব।”
একসময় ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন বিদ্যা সিনহা মিম। সেই সময়ের কাজের পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আগে টেলিভিশন নাটক ছিল পারিবারিক বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। সন্ধ্যা হলেই পরিবারের সবাই একসঙ্গে টেলিভিশনের সামনে বসে নাটক দেখতেন। এখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দর্শকের অভ্যাসও বদলে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে সবকিছুই দ্রুত ঘটছে।
তিনি আরও বলেন, “এখন তারকাখ্যাতি যেমন খুব দ্রুত আসে, তেমনি দ্রুত হারিয়েও যায়। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ সেই সময় দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা আজও আমাকে অনুপ্রাণিত করে।”
বর্তমানে চরকির ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’–এ অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন বিদ্যা সিনহা মিম। এর আগে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন তিনি।
একই সাক্ষাৎকারে দেশের চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, বর্তমানে সিনেমার বাজেট কিছুটা বাড়লেও চলচ্চিত্রের সংখ্যা আগের তুলনায় কমে গেছে। ফলে শিল্পীদের জন্য কাজের সুযোগও সীমিত হয়ে পড়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যেই অধিকাংশ কাজ আবর্তিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের মেধা, পরিশ্রম এবং অভিনয় দক্ষতার মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন বলে জানান বিদ্যা সিনহা মিম। ভবিষ্যতেও ভিন্নধর্মী ও মানসম্মত গল্পনির্ভর কাজের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশার কথাও ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :