• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

রক্তের ক্যানসারে অভিনেতা প্রদীপ রাওয়াতের মৃত্যু, শেষ মুহূর্তের স্মৃতি জানালেন ছেলে


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ৪ আগস্ট ৭৪ বছর বয়সে রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। শেষকৃত্যের সময় পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অভিনেতার ছেলে বিক্রমাদিত্য রাওয়াত নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও বারবার কান্নায় ভেঙে পড়েন। অভিনেতার স্ত্রী কল্যাণী রাওয়াতও স্বামীর মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েন। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিক্রমাদিত্য জানান, প্রথমদিকে পরিবারের ধারণা ছিল তার বাবা সাধারণ কোনো পেটের সংক্রমণে ভুগছেন। চিকিৎসকেরাও শুরুতে একই সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু ওষুধে কোনো উন্নতি না হওয়ায় পরে রক্ত পরীক্ষা করানো হলে দেখা যায়, তার শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এরপর দ্রুত তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, চিকিৎসকেরা তখনই জানিয়েছিলেন, এটি ব্লাড ক্যানসার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। পরদিন পরীক্ষার ফলাফলে সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। বিক্রমাদিত্যের ভাষ্য, মাত্র দুই মাস আগেও তার বাবার সব মেডিকেল রিপোর্ট স্বাভাবিক ছিল। তাই এত দ্রুত এমন জটিল রোগ ধরা পড়ায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে।

বাবার শেষ মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বিক্রমাদিত্য জানান, মৃত্যুর আগের দিন প্রদীপ রাওয়াতের প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে মাত্র তিন হাজারে নেমে আসে। তিনি বলেন, আইসিইউর বাইরে অপেক্ষা করার সময় চিকিৎসকদের সিপিআর দিতে দেখে তারা বুঝতে পারেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বাবার প্রতি দর্শক ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্রমাদিত্য বলেন, তিনি বিশ্বাস করেন তার বাবা এখন আরও ভালো একটি জায়গায় আছেন। শেষ বিদায় জানাতে এত মানুষের উপস্থিতি দেখে তিনি অভিভূত এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।