আনন্দ বিনোদন ডেস্ক:
মঞ্চ সাজানো ছিল আলোয় আলোয়। বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে ঝলসে উঠল মিলনায়তন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোর রোশনাই, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, অর্জনের স্বীকৃতি, আর জমকালো পরিবেশনায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আয়োজন পরিণত হয়েছিল আনন্দযজ্ঞে ।
মফস্সল জীবনের গল্প, শক্তিশালী চিত্রনাট্য ও দুর্দান্ত অভিনয়ে আলোচনায় থাকা দাগি সিনেমায় নিশান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন আফরান নিশো। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তিনি জিতেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সেরা চলচ্চিত্র অভিনেতার সম্মান।
পুরস্কার গ্রহণ করে নিশো জানান, তিনি প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতা নিয়েই কাজ করে যাচ্ছেন। দর্শকদের ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সহ-মনোনীত গুণী শিল্পীদের প্রতিও সম্মান জানান এই অভিনেতা।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে, যখন তিনি তার অর্জিত পুরস্কার উৎসর্গ করেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি-কে। নিশো বলেন, “আমি সব সময় যাঁর কথা মনে করি, তাঁকে মনে রাখতে চাই… ফরীদি ভাই, এই সম্মান আপনার জন্য।”
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারেও নিশো একাধিকবার উল্লেখ করেছেন, হুমায়ুন ফরীদি তার অভিনয় জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা।
সব মিলিয়ে ‘দাগি’ সিনেমায় নিশোর শক্তিশালী অভিনয় যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি এবার তা আনুষ্ঠানিক স্বীকৃতিও এনে দিল তাকে।
আপনার মতামত লিখুন :