আনন্দ বিনোদন ডেস্ক: ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে এসে বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় কণ্ঠে পরিণত হওয়া অরিজিৎ সিং সম্প্রতি নিজের সাফল্যের পেছনের কঠিন সংগ্রামের গল্প তুলে ধরেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে নিজের কণ্ঠস্বর মোটেও পছন্দ করতেন না এবং তখন অনেকের সমালোচনারও মুখোমুখি হতে হয়েছিল তাকে।
অরিজিৎ বলেন, আজ যে আবেগময় ও পরিণত কণ্ঠের জন্য শ্রোতারা তাকে ভালোবাসেন, সেটি সহজে তৈরি হয়নি। নিজের গলাকে কাঙ্ক্ষিত রূপ দিতে তিনি দীর্ঘ সময় ধরে কঠোর অনুশীলন করেছেন। তার ভাষায়, অনেকটা স্থাপত্য নির্মাণের মতো করেই ধীরে ধীরে নিজের কণ্ঠকে গড়ে তুলেছেন তিনি।
এই সংগীতশিল্পী জানান, নিয়মিত রেওয়াজ করতে গিয়ে তিনি প্রায়ই সীমা ছাড়িয়ে যেতেন। রাতভর অনুশীলনের কারণে কখনো কখনো তার গলা ভেঙে বসে যেত। তবুও থেমে যাননি। কারণ নিজের কণ্ঠকে আরও নিখুঁত করে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ১৫ বছরের বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় রয়েছেন অরিজিৎ সিং। আশিকি ২ সিনেমার গান তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বর্তমানে তিনি সিনেমার গানে কিছুটা বিরতি নিয়ে নতুন ধরনের সংগীতচর্চা ও নতুন প্রতিভা তুলে ধরার কাজে মনোযোগ দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :