আনন্দ বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘নাকফুলের কাব্য’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলোক হাসান, আর গল্প ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ।
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। তাদের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। গল্পে উঠে এসেছে সমাজের নানা বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়া এক প্রেমের কাহিনি, যেখানে প্রেম ও বিরহের আবেগ প্রধান হয়ে উঠেছে।
ছবির মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, প্রতিষ্ঠানটি সব সময়ই দর্শকদের জন্য নান্দনিক ও পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে গুরুত্ব দেয়। তার মতে, ‘নাকফুলের কাব্য’ একটি খাঁটি দেশীয় গল্পের চলচ্চিত্র, যা দর্শক পরিবারসহ উপভোগ করতে পারবেন।
রোমান্স, কমেডি ও আবেগঘন উপাদানে সাজানো এই সিনেমাটিতে রয়েছে তিনটি গান। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।
নির্মাতারা আশা করছেন, ঈদের ছুটিতে এই সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদনের অভিজ্ঞতা এনে দেবে এবং প্রেক্ষাগৃহে পরিবারসহ সিনেমা দেখার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
আপনার মতামত লিখুন :