আনন্দ বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য গোল্ড গালা ২০২৬-এ তাকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা।
আয়োজকদের মতে, গত আড়াই দশক ধরে এশীয় ও পশ্চিমা বিনোদন অঙ্গনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড—দুই জায়গাতেই সমান দক্ষতায় কাজ করে তিনি বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
২০০২ সালে থামিজান চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। পরের বছর দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই দিয়ে বলিউডে অভিষেক ঘটে। এরপর ফ্যাশন, বার্ফি, মেরি কম এবং দ্য স্কাই ইজ পিংক-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেন প্রিয়াঙ্কা। কোয়ান্টিকো সিরিজের মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করে তিনি সিটাডেল এবং দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবেল পিকচার্স আঞ্চলিক গল্পকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরছে। প্রতিষ্ঠানটির প্রযোজনায় নির্মিত দ্য হোয়াইট টাইগার অস্কারের মনোনয়নও পেয়েছিল।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় এই তারকা। ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
একই অনুষ্ঠানে জেট লি পাবেন ‘গোল্ড লিজেন্ড অনার্স’ এবং সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’।
আপনার মতামত লিখুন :