• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ নিয়ে ফিরছেন পূজা চেরি


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা চিত্রনায়িকা পূজা চেরি এবার কোরবানির ঈদেও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির অপেক্ষায় থাকা ‘মাসুদ রানা’ সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসতে পারে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে ঘিরে সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। পরবর্তীতে বিভিন্ন কারণে ছবিটির কাজ থেমে থাকলেও সম্প্রতি সব জটিলতা কাটিয়ে মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

এই সিনেমায় পূজা চেরিকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ‘সোহানা’ চরিত্রে তিনি একেবারে অ্যাকশনধর্মী ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে পূজা আগেই জানিয়েছিলেন, নিজের সর্বোচ্চ প্রস্তুতি দিয়ে কাজটি করেছেন এবং দর্শক এবার তাকে নতুনভাবে আবিষ্কার করবেন। ফাইট দৃশ্যের জন্য আলাদা প্রশিক্ষণ নেওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

‘মাসুদ রানা’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়েছিল কয়েক বছর আগেই। বাকি থাকা কিছু দৃশ্য ও একটি গানের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি মুক্তির পথে এগোচ্ছে।

অন্যদিকে ‘দম’ সিনেমায় ‘রানি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন পূজা চেরি। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি সাড়া ফেলেছে।

সব মিলিয়ে, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন পূজা চেরি। ‘মাসুদ রানা’ মুক্তি পেলে অ্যাকশন লুকে আবারও দর্শকদের নজর কাড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।