আনন্দ বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে শবনম বুবলী অভিনীত প্রথম টালিউড সিনেমা ফ্ল্যাশব্যাক। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল সিনেমাটির মুক্তি। এবার নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে খুব দ্রুতই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
থ্রিলারধর্মী এই সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হচ্ছে বুবলীর। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী এবং সৌরভ দাস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
সিনেমাটিতে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে দেখা যাবে বুবলীকে। অন্যদিকে কৌশিক গাঙ্গুলী অভিনয় করেছেন অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাসকে দেখা যাবে ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশবে পাহাড়ি এক জনপদে, যেখানে গল্পে আসবে নতুন মোড়।
এদিকে বাংলাদেশে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা সর্দারবাড়ির খেলা। লোকজ ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ।
আপনার মতামত লিখুন :