• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

নতুন গান ‘নজর যেন না লাগে’ নিয়ে আলোচনায় বাঁধন সরকার পূজা, সামনে রবীন্দ্রসংগীত ও লন্ডন কনসার্ট


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নতুন গান ‘নজর যেন না লাগে’ নিয়ে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন। মুহাম্মদ মিলনের সঙ্গে গাওয়া এই দ্বৈত গানটি প্রকাশের পর ইতোমধ্যে ইউটিউবে দুই লাখের বেশি দর্শক-শ্রোতা উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি ব্যবহার করে অসংখ্য রিলস তৈরি হচ্ছে।

গানটির সাফল্য প্রসঙ্গে পূজা বলেন, বর্তমানে ইউটিউবে আগের মতো সহজে ভিউ না এলেও গানটি সম্পূর্ণ অর্গানিকভাবে দর্শকদের কাছে পৌঁছেছে। শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি মুগ্ধ এবং আশা করছেন, সময়ের সঙ্গে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

নতুন কাজের বিষয়ে তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া জনপ্রিয় শিল্পী কাজী শুভর সঙ্গে দুটি নতুন গান এবং মুহাম্মদ মিলনের সঙ্গে আরও একটি দ্বৈত গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটছে পূজার। বর্ষাকালের কারণে খোলা মঞ্চের অনুষ্ঠান কিছুটা কমে গেলেও বিভিন্ন করপোরেট ইনডোর কনসার্টে নিয়মিত গান পরিবেশন করছেন তিনি। সম্প্রতি গুলশান ও উত্তরার একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে ৫ আগস্ট খাগড়াছড়িতে নির্ধারিত একটি কনসার্ট আয়োজকদের সঙ্গে মতের অমিলের কারণে বাতিল হয়েছে বলে জানান এই শিল্পী।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও গান নিয়ে এগিয়ে যেতে চান বাঁধন সরকার পূজা। সম্প্রতি স্বামী শুভংকর সেনের জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় এক সপ্তাহের অবকাশযাপন শেষে দেশে ফিরেছেন তিনি। সামনে দুর্গাপূজা উপলক্ষে লন্ডনে কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই ইতোমধ্যে ভিসা প্রক্রিয়াও শুরু করেছেন বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।