• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

নতুন চমক নিয়ে ‘নসিব’, কক্সবাজারে শুটিংয়ে আরশাদ আদনান-ইকবাল


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক আরশাদ আদনান ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমার প্রযোজক আরশাদ আদনান এবার হাত মিলিয়েছেন অ্যাকশনধর্মী সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবালের সঙ্গে। তাঁদের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে নতুন বাণিজ্যিক সিনেমা ‘নসিব’।

বর্তমানে কক্সবাজারের সমুদ্রসৈকত, পাহাড় ও আশপাশের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণ চলছে। একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘নসিব’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টারে সমুদ্রের ওপর কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটিকে দেখা যায়। রাতের চাঁদের আলোয় নির্মিত পোস্টারের আবহে রোমান্স ও আবেগের পাশাপাশি গল্পের গভীরতারও ইঙ্গিত মিলেছে।

পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সিনেমার মূল জুটি কারা এ প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান আপাতত জুটি এবং পূর্ণাঙ্গ কাস্টিং প্রকাশ না করে দর্শকদের জন্য চমক ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

‘নসিব’-এর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নতুন জুটি। পরিচালক মোহাম্মদ ইকবাল তাঁর সিনেমায় নতুন কিছু উপস্থাপনের চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কক্সবাজারের সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকায় নতুন জুটিকে নিয়ে রোমান্টিক ও অ্যাকশনধর্মী বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করা হচ্ছে।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পাশাপাশি ভিনদেশি অভিনয়শিল্পীদেরও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তবে তাঁদের পরিচয় ও চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

কাস্টিং গোপন রাখার কারণ ব্যাখ্যা করে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘গল্পের প্রয়োজনে আপাতত শিল্পীদের নাম প্রকাশ করছি না। তবে দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন।’

বিগ বাজেটের এই সিনেমায় আধুনিক প্রযুক্তি ও বড় পরিসরের অ্যাকশন দৃশ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কক্সবাজারের প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর ঢাকাসহ দেশের বাইরের কয়েকটি লোকেশনেও দৃশ্যধারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন নির্মাতা। ঈদকে সামনে রেখে দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে নির্মাণকাজ।

‘নসিব’-এর মাধ্যমে একদিকে যেমন নতুন জুটি ও ভিন্নধর্মী গল্পের চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে রোমান্স ও অ্যাকশনের সমন্বয়ে বড় পর্দার দর্শকদের জন্য বাণিজ্যিক বিনোদনের আয়োজন থাকছে। সিনেমার মূল জুটি ও অন্যান্য শিল্পীর পরিচয় প্রকাশের পর ‘নসিব’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।