আনন্দ বিনোদন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারপ্রধান পীর শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। একই ঘটনায় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া গেছে। ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নিহত পীরের সঙ্গে বাউল শিল্পী শফি মণ্ডলের একটি ছবি, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এই ছবি ভাইরাল হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শফি মণ্ডলের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই বাউল শিল্পী। তিনি জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে একবার ওই দরবারে গিয়ে গান পরিবেশন করেছিলেন এবং তখনই ছবিটি তোলা হয়।
শফি মণ্ডলের ভাষ্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, কে বা কারা পুরোনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তা তার জানা নেই। তবে তিনি ধারণা করছেন, পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যেই এটি করা হয়ে থাকতে পারে।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা না থাকলেও এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এই শিল্পী। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে সমাধান করা উচিত ছিল। এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নজরদারি জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :