• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

এআই অপব্যবহারের অভিযোগে গুগল-মেটার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি পেলেন প্রীতি জিনতা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। ডিপফেক কনটেন্ট, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবটের মাধ্যমে তার পরিচয় ব্যবহার ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে গুগল, মেটাসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন বোম্বে হাইকোর্ট।

সম্প্রতি বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতার করা বিশেষ আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমোদন দেন। আদালতে তার পক্ষে আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর পরিচয় নকল করা হচ্ছে। এমনকি তার নামে ভুয়া চ্যাটবট তৈরি করে সাধারণ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।

মামলার আবেদনে বলা হয়েছে, প্রীতি জিনতার নাম, কণ্ঠস্বর ও চেহারা তার অনুমতি ছাড়াই বিভিন্ন কনটেন্টে ব্যবহার করা হচ্ছে। এতে তার ব্যক্তিত্বের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পেশাগত সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এছাড়া এসব কর্মকাণ্ড ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া কনটেন্ট অভিনেত্রীর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যদিও সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ভারতের বাইরে অবস্থিত, তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ভারতীয় ব্যবহারকারীদের ওপর।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে তারকাদের ব্যক্তিত্ব ও ডিজিটাল পরিচয় সুরক্ষার বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে। এর আগে বলিউড তারকা শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং সংগীতশিল্পী অরিজিৎ সিংও একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন।