প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান OpenAI নতুন ধরনের একটি স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে, যেখানে প্রচলিত অ্যাপ ব্যবহারের প্রয়োজন থাকবে না। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এই ডিভাইসে এআই এজেন্টই ব্যবহারকারীর হয়ে সব কাজ সম্পন্ন করবে।
বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা আলাদা আলাদা অ্যাপের মাধ্যমে যোগাযোগ, যাতায়াত কিংবা খাবার অর্ডারসহ নানা কাজ করেন। কিন্তু নতুন এই ধারণায় ব্যবহারকারী শুধু নির্দেশ দেবেন—লিখে বা বলে—আর এআই নিজেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে। অর্থাৎ একটি একক ‘ডিজিটাল সহকারী’ পুরো ডিভাইস পরিচালনা করবে, যা প্রচলিত অ্যাপ নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে।
বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়নে চিপ নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে পারে ওপেনএআই। এর মধ্যে Qualcomm, MediaTek এবং Luxshare-এর নাম আলোচনায় রয়েছে। এসব প্রতিষ্ঠান হার্ডওয়্যার, চিপ ডিজাইন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমানে স্মার্টফোনের অ্যাপ ইকোসিস্টেম নিয়ন্ত্রণ করে Apple এবং Google। ফলে এআই অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে কাজ করে। তবে নিজস্ব ডিভাইস তৈরি করতে পারলে ওপেনএআই সেই সীমাবদ্ধতা কাটিয়ে পূর্ণ সক্ষমতায় এআই ব্যবহার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই স্মার্টফোন ব্যবহারকারীর অভ্যাস, প্রয়োজন ও পরিস্থিতি বুঝে নিজে থেকেই কাজের পরামর্শ দিতে পারবে। ডিভাইসটির এআই অংশ ক্লাউডের সঙ্গে সমন্বয় করে আরও কার্যকরভাবে কাজ করবে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এরপর ২০২৭ সালে নকশা চূড়ান্ত করে ২০২৮ সালের মধ্যে বাজারে আনার লক্ষ্য রয়েছে। এর আগে এআইচালিত অন্যান্য ডিভাইস নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :