আনন্দ বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও UNHCR-এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে বলে জানা গেছে।
দায়িত্ব নবায়নের পর তাহসান বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনে দীর্ঘ নয় বছর পেরিয়ে গেছে। একটি স্থায়ী সমাধান না আসা পর্যন্ত তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং পাশে থাকা সবার দায়িত্ব। তিনি জানান, শরণার্থী পরিবারের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দুঃখ-কষ্ট ও সংগ্রামের গল্প তাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং সেসব গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান তিনি।
২০২১ সালে বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব নেন তাহসান। এরপর থেকে তিনি সংস্থাটির বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং শরণার্থীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশে সংস্থাটির প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে শক্তিশালী কণ্ঠ হিসেবে কাজ করছেন, যা মানবিকতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
গত কয়েক বছরে তাহসান কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবসসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। ২০২৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের ঘটনা হাজারো মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে এবং রোহিঙ্গাদের চলমান কষ্টের একটি মর্মান্তিক চিত্র তুলে ধরে।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন, যাদের বেশিরভাগই Cox's Bazar-এর ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছেন। বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির হিসেবে পরিচিত এসব ক্যাম্পে তাদের জীবনযাপন এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।
ইউএনএইচসিআরের ৩৬ জন শুভেচ্ছাদূতের একজন হিসেবে তাহসান খান জনসচেতনতা বৃদ্ধি এবং বাস্তুচ্যুত মানুষের অধিকার তুলে ধরার মাধ্যমে সংস্থাটির কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল=ন করছেন।
আপনার মতামত লিখুন :