আনন্দ বিনোদন ডেস্ক: বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পূজা চেরী। বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূজা চেরী বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে খবর প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
পূজা বলেন, এসব সংবাদ তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক। নিজের বিয়ে প্রসঙ্গে স্পষ্ট করে তিনি বলেন, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
বর্তমানে নিজের জন্য কিছুটা সময় নিচ্ছেন পূজা। পাশাপাশি নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ কারণে সাম্প্রতিক সময়ে তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে বলে জানান এই অভিনেত্রী।
তবে কোনো তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে বারবার অসত্য সংবাদ প্রকাশের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন পূজা। তিনি সতর্ক করে বলেন, তার নীরবতাকে যদি কেউ ভিত্তিহীন সংবাদ তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করেন, তাহলে নিজের আইনি অধিকার রক্ষায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে পূজা সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথাও তুলে ধরেছেন। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর বা অপমানজনক তথ্য প্রচারের ক্ষেত্রে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূজা বলেন, দর্শকদের ভালোবাসা এবং গণমাধ্যমের সহযোগিতাকে তিনি সবসময় সম্মানের সঙ্গে দেখেন। তবে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ে হতে যাচ্ছে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এমনকি কেউ কেউ দাবি করেন, এরই মধ্যে তার বিয়ে হয়ে গেছে। তবে নিজের বক্তব্যের মাধ্যমে এসব দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও **‘দম’**সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে আফরান নিশোর সঙ্গে ‘দম’ সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :