• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষ, ভোট দিয়েছেন ৪৮০ শিল্পী; রাতেই ফল ঘোষণার অপেক্ষা


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটার উপস্থিতির হার প্রায় ৮৪ শতাংশ।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলে সন্ধ্যা পর্যন্ত। দুপুরে জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আবারও ভোটগ্রহণ শুরু হয়। দিনজুড়ে প্রবীণ ও নবীন শিল্পীদের উপস্থিতিতে বিএফডিসি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল মুখোমুখি হয়েছে। এক প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি হিসেবে লড়ছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী। এছাড়া কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন।

আরমান-মুক্তি প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে শিবা সানু-জয় চৌধুরী প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচনে অংশ নিয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নেতৃত্ব কারা পাবেন, তা জানতে এখন অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও সংশ্লিষ্টরা।