আনন্দ বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র ২’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের দ্বিতীয় মৌসুমে নতুন মাত্রা যোগ করেছেন আজমেরী হক বাঁধন, যেখানে আগের মতোই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকদের প্রশংসায় ভাসছে।
১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘চক্র’ প্রথম মৌসুমেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে। তবে সেই মৌসুমে রহস্যের পুরো সমাধান মেলেনি। শেষ দৃশ্যে পরিবারের সদস্যদের আত্মহত্যার সিদ্ধান্ত এবং শিক্ষক হুমায়ূনের অস্বাভাবিক আচরণ গল্পকে আরও জটিল করে তোলে। দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি কাহিনি আরও অন্ধকার ও গভীর রূপ নিয়েছে।
আজমেরী হক বাঁধন জানান, চরিত্রটি তার কাছে ব্যতিক্রমী মনে হওয়ায় কাজটির প্রতি আগ্রহ তৈরি হয়। তিনি বলেন, নির্মাতা ভিকি জাহেদের গল্প বলার ধরণ ভিন্ন এবং আকর্ষণীয়, যা তাকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে তৌসিফ মাহবুব বলেন, এই সিরিজ দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়। ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কয়েকজন সদস্য সেট ছেড়ে চলে যান এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। চরিত্রের গভীরতা বজায় রাখতে শুটিংয়ের সময় তাকে কঠিন মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও জানান তিনি।
এই সিরিজে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি ও মার্শিয়া শাওনসহ অনেকে।
আপনার মতামত লিখুন :