• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের জন্য অস্বস্তিকর পরিবেশের অভিযোগ তামান্নার


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী শিল্পীদের কাজের পরিবেশ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তার দাবি, দক্ষিণী চলচ্চিত্রজগতে অভিনেত্রীদের প্রায়ই এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা তাদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।

তামান্না বলেন, অনেক সময় অভিনেত্রীদের দিকে এমনভাবে তাকানো হয়, যা স্বাভাবিক মনে হয় না। তার ভাষায়, একদৃষ্টে তাকিয়ে থাকার এই প্রবণতা অনেক ক্ষেত্রেই নারীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে তিনি বিষয়টিকে কোনো ব্যক্তির দোষ হিসেবে নয়, বরং দীর্ঘদিনের সামাজিক ও পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিফলন হিসেবে দেখছেন।

তার মতে, দক্ষিণ ভারতে নারী-পুরুষের সামাজিক মেলামেশা তুলনামূলকভাবে সীমিত হওয়ায় অনেকের মধ্যে নারীদের প্রতি এক ধরনের অস্বাভাবিক কৌতূহল তৈরি হয়েছে। এর প্রভাব কর্মক্ষেত্রেও দেখা যায় বলে মনে করেন তিনি।

তবে দক্ষিণী চলচ্চিত্রশিল্প সম্পর্কে নেতিবাচক ধারণা দিতে চান না তামান্না। তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিই তাকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ক্যারিয়ারের শুরু হিন্দি চলচ্চিত্রে হলেও প্রকৃত পরিচিতি ও দর্শকপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী সিনেমার মাধ্যমেই। তাই এই ইন্ডাস্ট্রির প্রতি তিনি কৃতজ্ঞ।

অভিনেত্রীর ভাষায়, দক্ষিণী চলচ্চিত্রে অসংখ্য ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে এবং যথেষ্ট সম্মানও পেয়েছেন। একই সঙ্গে তিনি মনে করেন, কর্মক্ষেত্রের কিছু বাস্তব সমস্যার বিষয়ে খোলাখুলি আলোচনা হওয়া জরুরি, কারণ সমস্যা নিয়ে কথা বললেই সমাধানের পথ তৈরি হয়।

তামান্না আরও বলেন, সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। নতুন প্রজন্মের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা নারী সহকর্মীদের প্রতি আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।