• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

ঢাকায় ফিরছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্টে মাতাবেন দর্শক


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক বিশেষ কনসার্ট। এ আয়োজনে আতিফ আসলামের পাশাপাশি দর্শকদের মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ইতোমধ্যে গেটমাই টিকিট প্ল্যাটফর্মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টা থেকে দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৬টার মধ্যে প্রবেশ সম্পন্ন করতে হবে। বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর একই কনসার্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে প্রয়োজনীয় নিরাপত্তা অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। তবে আয়োজকরা শুরু থেকেই জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল করা হয়নি; পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার নতুন সূচিতে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান আরও জানিয়েছে, আগের কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড গ্রহণ করেননি, তাঁদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করতে পারবেন।

মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, চলতি বছরের অন্যতম বড় এই সংগীত আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত। তাঁর আশা, কনসার্টটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক মিলনমেলায় পরিণত হবে।