• ঢাকা
  • | বঙ্গাব্দ
anandabinodon.

চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়া


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ad728

আনন্দ বিনোদন ডেস্ক:   চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন আন্তর্জাতিকভাবে জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে দর্শকদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তাঁর বিশেষ কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।

২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে ঢাকার মঞ্চে পারফর্ম করেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। চার বছর পর তাঁর প্রত্যাবর্তনের খবর ইতোমধ্যে বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

দ্বিতীয়বার বাংলাদেশে আসার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ওটিলিয়া। পাশাপাশি ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ কনসার্টের ফটোকার্ড শেয়ার করেছেন তিনি। এর পর থেকেই প্রিয় শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর বাংলাদেশের ভক্তরা।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত তাঁর জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। ইউরোপের গণ্ডি পেরিয়ে গানটি বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ওটিলিয়ার আলাদা একটি শ্রোতাগোষ্ঠী তৈরি হয়েছে।

এবারের আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ। আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। এর আগে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো আলোচিত আন্তর্জাতিক আয়োজন করেছে তারা।

আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’ গানের তুমুল পরিচিতিকে কেন্দ্র করে এবারের কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠবে।

তবে কনসার্টের নির্দিষ্ট ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এসব তথ্য জানানো হবে।

নভেম্বরের এই আয়োজনের মধ্য দিয়ে চার বছর পর আবারও ঢাকার দর্শকদের সামনে ‘বিলিওনেরা’র জনপ্রিয় শিল্পীকে সরাসরি দেখার সুযোগ তৈরি হচ্ছে। এখন অপেক্ষা শুধু কনসার্টের পরবর্তী বিস্তারিত ঘোষণা ও ২৭ নভেম্বরের সেই সংগীতসন্ধ্যার।