• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বাংলাদেশ বেতারের খোন্দকার এরফান আলীর হাতে আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড


FavIcon
আনন্দ বিনোদন
নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ছবির ক্যাপশন: আনন্দ বিনোদন ad728

আনন্দ বিনোদন ডেস্ক:  রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

২০২৫ সালের একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ওই প্রতিবেদনে দেশের একটি আলোচিত ঘটনার প্রেক্ষাপটে আহতদের চিকিৎসা সংক্রান্ত জটিলতা, চিকিৎসকদের ওপর চাপ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বক্তব্য তুলে ধরেন তিনি, যা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রতিবছর সারাদেশ থেকে বাছাই করে পাঁচজন সাংবাদিককে এই সম্মাননা প্রদান করে আরজেএফ। এ বছরের তালিকায় খোন্দকার এরফান আলীর পাশাপাশি আরও চারজন সাংবাদিক এই পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।

এর আগে সাংবাদিকতায় অবদানের জন্য খোন্দকার এরফান আলী বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি গণমাধ্যমে সক্রিয় থেকে সংবাদ পরিবেশন, গবেষণা এবং সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। 

উল্লেখ্য, খোন্দকার এরফান আলী ১৯৯২ সালে কলেজ জীবনে সাংবাদিকতা শুরুর পর দীর্ঘ সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও পত্রপত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতাসহ চলচ্চিত্র ও শিল্প, সাহিত্য অঙ্গনে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি রাষ্ট্রীয় জনপ্রিয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর কোর্স সমন্বয়ক পদে দীর্ঘদিন দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক ফেলোশিপপ্রাপ্ত গবেষক। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্ৰামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।